দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় কম্পনের প্রভাব তেমন গুরুতর হয়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) একই ধরনের তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং উৎপত্তিস্থল গভীরে থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা আরও জোরদার করা প্রয়োজন।

0 Comments