ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ভোরে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস নেমে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। দুর্ঘটনার সময় ওই এলাকায় সামরিক মহড়া চলছিল।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল টুঙ্গগুল জানান, ভূমিধসের সময় অন্তত ২৩ জন মেরিন সেনা আটকা পড়েন এবং তাদের মধ্যে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে নিহতদের মধ্যে সেনাসদস্য রয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি।
উদ্ধার অভিযানে অন্তত ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নয়টি এক্সকাভেটর। দুর্গম পাহাড়ি এলাকা ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তত ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। সম্প্রতি সুমাত্রা দ্বীপেও ঘূর্ণিঝড় ও ভূমিধসের ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও দেশটির বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে সামনে এনেছে।
উদ্ধার অভিযান এখনও তৎপরতার সঙ্গে চলছে।

0 Comments