পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

 


ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে দুটি মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রাজউকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

দুদকের অভিযোগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার ভাগ্নি আজমিনা সিদ্দিক ও ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। পাশাপাশি রাজধানীতে থাকা স্থাবর সম্পত্তির তথ্য তারা হলফনামায় গোপন করেন।

তদন্তে আরও উঠে আসে, ভাই-বোনের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

এই ঘটনায় দুদক মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এর আগেও একই অভিযোগে চারটি পৃথক মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

Post a Comment

0 Comments