নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (২৬ জানুয়ারি) ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার পথে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসগুলো পার্ক করা হয়। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সুপরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে এই হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

0 Comments