 |
| কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে সুয়াগাজি ডিগবাজী মাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার কুমিল্লা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ সফরে জেলার ৩ উপজেলার নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপির চেয়ারম্যান কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে,দীর্ঘ দুই যুগ বছর পর চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করে কুমিল্রা আসবেন তিনি।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রথমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সুয়াগাজীর ডিগবাজী মাঠের নির্বাচনী সমাবেশ ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠের সমাবেশে বক্তব্য রেখে নারায়নগঞ্জ আরেকটি সমাবেশ বক্তব্য রাখার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন।
এদিকে, কুমিল্লায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচারণা চালানো হচ্ছে। গত দুই দিন ধরে তৈরী হচ্ছে সমাবেশ মঞ্চ। মঞ্চের চার পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
ইতোমধ্যে সমাবেশস্থলগুলো কয়েক দফায় পরিদর্শন করেছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও জেলার শীর্ষ নেতারা। নেতাদের আশা পোষণ করছেন, জেলার তিনটি সমাবেশে অন্তত ২০ লাখ মানুষের সমাগম হবে।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারেক রহমান প্রথমে ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন, ওই বক্তব্যের স্মৃতি এখনও মনে পড়ছে । দীর্ঘ ২ যুগ পর তাঁকে আবার সরাসরি দেখবো, বক্তব্য শুনব এটা আমার জন্য আনন্দের।
তাঁর বক্তব্য শুনতে তৃণমূলের নেতাকর্মীরা অপেক্ষা করছে আর আশা করছি এই সফরে কুমিল্লার মানুষের ভাগ্য পরিবর্তন হবে।’
এ বিষয়ে শনিবার সকালে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লার সুয়াগাজী এলাকার সমাবেশটি পড়েছে আমার নির্বাচনী এলাকায়। আমরা আশা করছি, শুধু সুয়াগাজীর সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ।‘
0 Comments