নিরাপত্তা শঙ্কার মধ্যেও ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ শুটিং দল

 


নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও এবার ভারত সফরের অনুমতি পেয়েছে শুটিং দল। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে অনুমোদন দিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) শুটিং দলের ভারত সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম জানান, বাংলাদেশ দলের সদস্য সংখ্যা কম এবং আয়োজকদের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সব দিক বিবেচনা করেই সফরের অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবেন শীর্ষ শুটার রবিউল ইসলাম। তার খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।

৩১ জানুয়ারি শুটিং দলের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটিই হবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।

Post a Comment

0 Comments