টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত, বিকল্প টুর্নামেন্টের পথে পিসিবি

 


আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। তবে বিশ্বকাপ শুরুর দ্বারপ্রান্তে পৌঁছালেও এখনও নিশ্চিত হয়নি পাকিস্তানের অংশগ্রহণ।

বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত সোমবার জানানোর কথা থাকলেও, রোববারই সেই ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত করে রেখেছে পিসিবি। পাকিস্তানি ক্রিকেটারদের ব্যস্ত রাখতে দেশেই একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বোর্ডটি।

এই পরিস্থিতি অনেকটাই বাংলাদেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে। বিশ্বকাপে না যাওয়ার কারণে বাংলাদেশের খেলোয়াড়দের সামনে কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায়, তাদের নিয়ে একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আড়াই কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই অধিনায়ক ও কোচদের নাম ঘোষণা করেছে বিসিবি।

একই পথে হাঁটতে পারে পাকিস্তানও। সূত্রের খবর, কোনো কারণে বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব না হলে লাহোরে চার দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি। সম্ভাব্য চারটি দল হতে পারে—‘দ্য পাকিস্তান’, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দল এবং বাকি ক্রিকেটারদের নিয়ে গঠিত আরেকটি দল।

উল্লেখ্য, বাংলাদেশ তিন দল নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে। বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডই তাই নিজেদের খেলোয়াড়দের ম্যাচ খেলার সুযোগ করে দিতে বিকল্প পরিকল্পনায় এগোচ্ছে।

Post a Comment

0 Comments