গোপালগঞ্জে মোটর শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ২৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


 

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম প্রায় ১০ বছর আগে সংঘটিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

Post a Comment

0 Comments