এলবো ক্রাচ হাতে দেখা গেল হৃতিক রোশনকে, চিন্তায় ভক্তরা


 বলিউডের জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে হৃতিক রোশন অন্যতম। সিনেমা থেকে শুরু করে ব্যক্তিজীবন—সব কিছু নিয়েই ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে এবার অভিনেতার শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগে পড়েছেন তার অনুরাগীরা

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ে পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে হাজির হন হৃতিক রোশন। কিন্তু সেখানে তাকে দেখা যায় একেবারেই ভিন্ন রূপে। এলবো ক্রাচ (হাতের লাঠি) ব্যবহার করে হাঁটতে দেখা যায় অভিনেতাকে, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো হুডি, ম্যাচিং জগার্স ও ক্যাপ পরে নীরবে পার্টিতে প্রবেশ করেন হৃতিক। সাধারণত পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিলেও সেদিন তিনি কারও সঙ্গে কথা না বলে দ্রুত ভেন্যু ত্যাগ করেন। গাড়ির দিকে হাঁটার সময় তাকে লাঠির ওপর ভর দিয়ে চলতে দেখা যায়।


এই অস্বাভাবিক দৃশ্য দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। অনেকেই ধারণা করছেন, হয়তো ট্রেনিংয়ের সময় হাঁটু বা পায়ে চোট পেয়েছেন অভিনেতা। কারণ, মাত্র এক সপ্তাহ আগেই হৃতিক নিজের সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ট্রান্সফরমেশনের ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাকে দেখা গিয়েছিল সম্পূর্ণ ফিট ও চনমনে।


তবে এখনো পর্যন্ত হাঁটতে অসুবিধার প্রকৃত কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি হৃতিক রোশন। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই।


ভক্তরা আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারও আগের মতোই পর্দায় ও বাস্তব জীবনে চেনা ছন্দে ফিরবেন বলিউডের এই গ্রিক গড।

Post a Comment

0 Comments