৫০ পর্যন্ত গুনতে না পারায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার



চার বছর বয়সী এক কন্যাশিশুকে পিটিয়ে হত্যা করেছেন তারই বাবা। পুলিশ জানায়, ৫০ পর্যন্ত গুনতে না পারায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে নির্মমভাবে মারধর করেন তিনি। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বুধবার (২১ জানুয়ারি) ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের ঝাড়সেনতালি গ্রামে।

অভিযুক্ত ব্যক্তির নাম কৃষ্ণ জয়সওয়াল। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। পুলিশ জানায়, দিনের বেলায় বাড়িতে মেয়েকে পড়াচ্ছিলেন কৃষ্ণ জয়সওয়াল। এ সময় শিশুটি ৫০ পর্যন্ত গুনতে না পারায় তিনি তাকে একাধিকবার আঘাত করেন। মারধরের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়ে।

অবস্থা গুরুতর হওয়ায় শিশুটিকে কাছের একটি সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি স্ত্রীকে জানান, মেয়েটি সিঁড়ি থেকে পড়ে গেছে। তবে হাসপাতালে শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় মায়ের। এরপর তিনি পুলিশে খবর দেন।


পুলিশের জিজ্ঞাসাবাদের সময় কৃষ্ণ জয়সওয়াল অপরাধের কথা স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।


জানা গেছে, পরিবারটিতে তিনটি সন্তান ছিল—একটি সাত বছরের ছেলে, দুই বছরের একটি কন্যাশিশু এবং নিহত চার বছরের শিশুটি।

Post a Comment

0 Comments