২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দিয়েছিল বাংলাদেশ। এরপরের দুই আসরে শিরোপার লড়াইয়ে না থাকলেও এবারের আসরে আজিজুল হাকিম তামিমদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল বেশ। তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে ইংল্যান্ড। সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের ফলে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সোমবার (২৬ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগার যুবারা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আরবারকে হারায় দল। ৩ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম।
তবে এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ করেন ২৫ রান, আর অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে ২০ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেবাস্টিয়ান মরগান ছিলেন সবচেয়ে সফল। তিনি নেন ৩টি উইকেট। রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন শিকার করেন দুটি করে উইকেট। এছাড়া আরও তিনজন ইংলিশ বোলার একটি করে উইকেট পান।
ছোট লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। যদিও মাত্র ১ রান করে ওপেনার জোসেফ মুরস আউট হন। অন্য ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। বেন মেয়ার্স আউট হওয়ার আগে করেন ৩৪ রান।
এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন থমাস রে। তিনি ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থাকেন ৫৯ রানে। তার সঙ্গে ৯ রান করে অপরাজিত থাকেন কালেব ফালকোনার। ৩ উইকেট হারিয়ে ১৫৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এই হারের মধ্য দিয়ে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হলো।

0 Comments